অলকানন্দার নির্বাসন পর্ব ৩৪ (২)
মম সাহা
বাহিরে মৃদু ছন্দে বৃষ্টি পড়ছে। নন্দা বসে আছে আরাম কেদারায়। তার দৃষ্টি স্থির, অনুভূতি স্তম্ভিত। তার সামনেই বিছানাতে বসে আছে বিহারিণী। যার চোখে অশ্রু। ভাষারা মৃত। ক্ষানিক সময় পার হতেই নন্দা প্রশ্ন করল,
“তোমার সাথে ও বাড়ির সম্পর্কটা কিসের?”
বিহারিণী হাসল। মৃদু মন্দ বাতাসে তখন উড়ছিল বাতায়নের কোল ঘেঁষে থাকা মহা মূল্যবান পর্দা খানা। বিহারিণী সেইদিকে দৃষ্টি নিবদ্ধ করে মেঘমন্দ কণ্ঠে বলল,
“তোমার সাথে যে সম্পর্ক ছিল ঐ বাড়ির, আমার সাথেও তাই ছিল।”
নন্দা বিস্মিত হল। বিস্ময়ে বিস্ময়ে টই টুম্বুর হলো তার চারপাশ। সে হাতড়ে বেড়ালো কণ্ঠ ধ্বনির ভাষাদের, অথচ তার ভাষারা আজ নির্বাক। কন্ঠে তার দেখা দিল ক্ষীণ কম্পন। সেই কম্পন যুক্ত কন্ঠ নিয়ে সে বললো,
“হেয়ালি করোনা, কৌতুহল বাড়ছে। আমাকে সবটা জানাও। আমি জানতে চাচ্ছি।”
বিহারিণী দীর্ঘশ্বাস ফেলল। সেই দীর্ঘশ্বাসে যেন ভেসে এলো তার অতীতের দীর্ঘ যন্ত্রণার গান। আকাশ পানে দৃষ্টি নিবদ্ধ করে সে বলল,
“সইতে পারবে না যে!”
“এমন একটা জীবন সয়ে বেঁচে ছিলাম আর তুমি বলছো সইতে পারবো না! হাসালে। আজকাল আমি সবই সইতে পারি। ভাগ্য শিখিয়ে দিয়েছে। সে আমার বেলা বড্ড নিষ্ঠুর কিনা!”
“আমি যদি বলি– আমি তোমার স্বামীর প্রথম ভাগিদার ছিলাম তাহলে তোমার অনুভূতি কেমন হবে? তুমি মানবে সেই কথা? বিশ্বাস করবে আমাকে? কষ্ট হবে না স্বামীর ভাগীদার ছিল জেনে?”
নন্দা বিস্ফোরিত নয়নে বিহারিণীর পানে চাইল। তার আকাশ-পাতাল উজাড় করে নিঃস্ব মনে হল নিজেকে। যেন মনে হলো সবটুকু ভ্রম। সবটুকু মিথ্যে কোনো মরীচিকা। এই বুঝি তার সকল ভ্রম কেটে যাবে। এই বুঝি সকল সত্য মুহূর্তেই মিথ্যে হয়ে যাবে এবং নন্দা বিশ্বাসঘাতকতার তোপ থেকে নিজেকে বাঁচিয়ে নেবে। অথচ না, তেমন কিছুই হলো না। সবটুকু ভ্রম বের হলো না। নন্দার ও আর কষ্ট কমলো না। বিশ্বাসঘাতকতায় ঘাতকতায় মেয়েটা ক্লান্ত। কন্ঠনালীর ভাষা ফুরিয়েছে। ফুরিয়েছে নন্দার সকল বিস্ময়। সে বিবশ কণ্ঠে শুধালো,
“তুমি কি সত্যি বলছো? মজা করছ না তো?”
“এমন একটা ব্যাপার নিয়ে কে মজা করে? যেখানে মেয়েরা স্বামীর ভাগ কাউকে দিতে পারেনা, সেখানে আমি স্বামী নিয়ে এমন ঠাট্টা করব? এত অবুঝ আমাকে ভেবোনা, আমি এতটাও বোকা না। আমি এতটাও ভারসাম্যহীন না।”
“কিন্তু তোমার কথা তো কখনো শুনিনি ওদের মুখে! এমনকি তিনিও তো বলেননি! শুধু জানতাম তার প্রেমিকা আছে। অথচ তার বউও আছে বা ছিল তা তো কখনো বলেননি! তুমিও কী কেবল তার বিছানার সঙ্গী হিসেবে ছিলে?”
“না নন্দা, না। আমি তার ভালোবাসার সঙ্গী ছিলাম। সে আমাকে ভালোবেসেই বিয়ে করেছিল। কিন্তু শেষ অব্দি তার ভালোবাসা টিকেনি এটাও আমার দুর্ভাগ্য।”
“ভালোবাসা স্থায়ী না হওয়ার কারণ কী? আর তুমি সাহেবদের কাছে এসে পড়লে কীভাবে? আর এসেছ মানলাম কিন্তু আর ফিরে যাওনি কেন?”
নন্দার অনবরত প্রশ্নে বুক ভারী হলো বিহারিণীর। চোখের সামনে ভেসে উঠল সোনালী অতীত। আনমনেই বলতে লাগল,
“আমার সাথে তোমার গত হওয়া স্বামী সুদর্শনের বিয়ে হয়েছিল বহু বছর আগে। তখন সে সদ্য তরুণ আর আমি সদ্য কিশোরী। আমাদের বাড়ি ছিল কলকাতা। আমার বাবার আমন্ত্রণে একবার সুদর্শন কলকাতা যান এবং সেখানেই তিনি আমাকে পছন্দ করেন। এবং অতঃপর খুব গোপনে আমাদের পত্র আদান-প্রদান চলে। প্রণয় জমে গিয়েছিল দারুণ ভাবে। তারপর আরও প্রায় ছয়বছর আগে তার সাথে আমার বিবাহ কার্য সম্পাদিত হয় বেশ জমজমাট ভাবেই। বউ হয়ে এলাম ‘সোহাগচড়ে’। সোহাগচড় হলো বিহারিণী মহলের পূর্ব নাম। আমাকে তিনি এতটাই ভালোবাসতেন যে আমার নামের সাথে মিলিয়ে এই বিশাল বাড়িটার নামকরণ করেছিল। আমাদের ভালোবাসায় পরিপূর্ণ সংসার ছিল। কোনো কিছুর ছিলনা অভাব। যদিও খুঁড়ো শ্বশুর একটু অন্য ধাঁচের ছিল কিন্তু বাকিরা ছিল দারুণ। কাটছিল সুখের দিন। কিন্তু হঠাৎ কালো নজর পড়ল সংসারটায় এবং সব এক মুহূর্তে শেষ। সব শেষ। আমার সংসার, আমার ভালোবাসা এমনকি আমিও।”
বাহিরের প্রকৃতি এতক্ষণ ভালো থাকলেও এখন কিছুটা আঁধার হয়ে এসেছে। আবার নন্দাদের নির্বাসন মহলে আজ একটা আনন্দ অনুষ্ঠান আছে। সেটার জন্য চলছে তুমুল আয়োজন। ঘন হয়ে আসা আকাশটার পানে চাইল নন্দা। গগন বক্ষ যেন তারই অন্তস্থলের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। নন্দা হতাশার শ্বাস ফেলল। বিহারিণী মহলের মানুষগুলো নিখুঁত অভিনয় জানে। তা না হলে কি আর এমনভাবে একটা জলজ্যান্ত মানুষের অস্তিত্ব লুকিয়ে রাখতে পারতো! নন্দা বিশাল এক শ্বাস ফেলল। বলল,
“কী ঝড় এসেছিল?”
বিহারিণী সুদূরে তাকিয়ে করুণ স্বরে জবাব দিল,
“নবনীল নামক ঝড়। যে ঝড়কে আমি বন্ধু ভেবে ছিলাম। যেমন তুমি ভেবেছিলে। ওর সাথে আমার বন্ধুর মতন সম্পর্ক ছিল। আমি যেহেতু কলকাতা থাকতাম তাই অন্যান্যদের চেয়ে একটু বেশি স্বাধীনচেতা ছিলাম। নবনীল আর আমার সেজন্য প্রচুর ভাব হয়েছিল। আমার স্বাধীনচেতা ভাব আরেকটু বাড়াতে সে সাহায্য করেছিল। কিন্তু সেটাই আমার কাল হয়। একবার তোমার স্বামী শহরে গেলেন বাড়িতে কেউ নেই। আমিই ঘুমিয়ে ছিলাম। এত ঘুম সেদিন কোথা থেকে এলো নিজেও জানিনা। আমার যখন ঘুম ভাঙে তখন দেখি মধ্যরাত। আমাকে বাগানে বেঁধে রাখা হয়েছে। চোখের উপর অনবরত জল ছেটানো হচ্ছে। চোখ মেলে তাকাতেই দেখি সকলে দাঁড়িয়ে আছে। আমার শরীরে বস্ত্রের আবরণ খুব ক্ষীণ ছিল। লজ্জা নিবারণের জন্য ঠিক যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু। আমি কিছুই বুঝে উঠতে পারলাম না। তার আগেই আমার শরীরে চাবুকের আঘাত পড়ল। আমি আৎকে উঠলাম। ব্যাথাটা শরীরে পৌঁছালেও উপস্থিত ঘটনা মস্তিষ্ক অব্দি পৌঁছালো না।
তখন আমার খুঁড়ো শ্বশুর একদলা থুতু ফেলে কেমন ঘৃণিত স্বরে বলল, ‘আমরা বাড়িতে নেই আর তুমি পুরুষমানুষ নিয়ে এসে রেখেছিল! ছিহ্! শহুরে মেয়ে কি-না! বেলাল্লাপনা শুরু করে দিয়েছে।’ আমি তখন বুঝলাম আমার অগোচরে আমার সাথে অন্যকিছু হয়ে গিয়েছে। যার তাৎপর্য এমন— আমার কোনো প্রেমিক আছে যাকে আমি বাড়িতে এনেছিলাম এবং নবনীল সেটা সবাইকে খবর দিয়ে এনে জানিয়েছে। এবং সবাই লোকটাকে বের হতে দেখেছে। সেদিন নবনীলও বাড়িতে ছিল কিন্তু সে এমন মিথ্যা কেন বলল! আমি কিছুই বুঝতে পারছিলাম না। যদিও আমি বিশ্লেষণ করতাম কিন্তু সুদর্শনের চোখে আমি আমার জন্য সেদিন যে ঘৃণা দেখেছি তারপর আর বিশ্লেষণ করার ভাষা পাইনি। ভালোবাসার মানুষের কাছে নিচু হয়ে যাওয়াটা মৃত্যুর চেয়ে কষ্টকর। এটা নিয়ে বেঁচে থাকা যায়! তারপর উনার আদেশেই আমার শরীরে বেত্রাঘাত চলে এবং আমাকে নদীতে ফেলে দেওয়ার হুকুম সে-ই দেন। এরপর আর ব্যাখ্যা করিনি কাউকে কিছু।
কেবল মেনে নিলাম সবটা। ভেবেছিলাম মরেই যাবে। হাত-পা বেঁধে নদীতে ফেলে দেয়। আমিও আমার মৃত্যু বরণ করে নেই। কিন্তু কোন ভাগ্যে এ গ্রামে এসে পৌঁছাই এবং তোমার বর্তমান স্বামী আমাকে রক্ষা করেন। এরপর অনেকদিন কাউকে চিনিনি। উন্মাদ হয়ে ছিলাম। পরে সুস্থ হলেও আর ফিরে যাইনি। কোথায় ফিরে যাব? যে সংসার আমাকে ত্যাজ্য করেছে সে সংসারে! আর যাই হোক, বিতাড়িত জায়গায় ফের যাওয়া হলো নিজের প্রতি নিজের করা সবচেয়ে বড়ো অপমান। তোমার বর্তমান স্বামী পর্যাপ্ত সময় ও সাহায্য দিয়েছে আমাকে। আমি সুস্থ হলেও তা আর প্রকাশ করিনি। সেও জানতে চায়নি।
অলকানন্দার নির্বাসন পর্ব ৩৪
আসলে তুমি ভাগ্যবতী নন্দা, তাই এমন একটা স্বামী পেয়েছ। সামলে রেখ। ভালো যা কিছু আছে পৃথিবীতে, তার দিকে খারাপ দৃষ্টি সকলেরই পরে। হোক সেটা বস্তু, মানুষ কিংবা সম্পর্ক। যার যেটার অভাব, সে সেটা পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠে। সময় থাকতে ভালোবাসার মানুষটাকে আগলে নিও।”
কথা থামতেই বিহারিণী ছুটে বেরিয়ে গেল। নন্দা কিংকর্তব্যবিমূঢ়। বিহারিণীর বলা গল্পে তার মায়া হলো। অথচ একবারও সে ভেবে দেখল না, এ গল্পের পেছনে আদৌও কোনো গল্প আছে কি-না!
