তুমি অজান্তেই বেঁধেছ হৃদয় পর্ব ২৮
মুন্নি আক্তার প্রিয়া
সকাল থেকে তুমুল বৃষ্টি। বাড়ির মানুষজন চিন্তায় পড়ে গেল, এমতাবস্থায় বিয়ে কীভাবে সম্পন্ন হবে? তারওপর অনুটা অসুস্থ। কোনোভাবেই তো আর বৃষ্টির পানি গায়ে লাগানো যাবে না। কিন্তু আকস্মিকভাবে দেখা গেল, সকালে অনুর জ্বর নেমে গেছে। আগের মতো শরীরও দুর্বল লাগছে না। অনেকটাই প্রাণোচ্ছল লাগছে ওকে। কিন্তু তবুও বাড়ির মানুষজন রিস্ক নিলেন না। সাজগোজ থেকে শুরু করে বিয়েও পড়ানো হলো বাড়ির ভেতর। শুধু মেহমানদের খাওয়ানো হয়েছে বাহিরে। যদিও অল্প সময়ে তেমন ব্যবস্থা করা সম্ভব হয়নি। অনেকে আবার বৃষ্টির জন্য দাওয়াতে আসেওনি। রিসিপশনে বড়ো করে আয়োজন করবেন বলে সবাইকে আশ্বস্ত করেছেন রমিজ চৌধুরী।
অনু একাই বসে আছে রায়ানের রুমে। সেই যে সবাই ওকে রেখে চলে গেল, এখনো কারো আসার নাম নেই। বাইরে এখনো কী প্রচণ্ড বৃষ্টি! ঘুমে চোখ জড়িয়ে আসছে অনুর। পুরো রুমে চোখ বুলাল। কী সুন্দর পরিপাটি করে গোছানো সব। তার রুমের গোছানোর কাজ সে নিজেই করে। অনু নিজে মেয়ে হয়েও বোধ হয় এতটা গোছানো স্বভাবের নয়। মুচকি হাসল অনু। একসময় এই রুমে ঢুকতেও ভয় পেত সে। আর এখন রায়ান ভাইয়ের সাথে সেও এই রুমের অংশিদার। কত মায়া, কত আশা আর কত স্বপ্ন জড়িয়ে আছে। সে কল্পনাও করতে পারেনি তার স্বপ্ন একদিন সত্যি হয়ে যাবে। রায়ান ভাই ওর হয়ে যাবে, ও’কে ভালোবাসবে, চোখে হারাবে। মাঝে মাঝে আল্লাহ্ না চাইতেও অনেক কিছু দিয়ে দেন। এই যেমন অনুকে এখন দিচ্ছেন দুহাত ভরে।
অনু মনে মনে হেসে বিছানায় হালকা কাৎ হতেই রুমে ঢুকল রায়ান ভাই। দরজা লাগিয়ে জিজ্ঞেস করল,
আরও গল্প পড়তে এখানে ক্লিক করুন
“ঘুমিয়ে পড়েছিস?”
“না। এমনিই শুয়েছিলাম একটু।” অনুর নির্লিপ্ত জবাব।
“শরীর খারাপ করছে? তাহলে ঘুমিয়ে পড়।”
“ঘুমিয়ে যাব?”
“হ্যাঁ।”
“কেন?”
রায়ান ভাই বিছানার সামনে দাঁড়িয়ে যেন একটু থমকাল। ঘুমাবে কেন এর আবার উত্তর কী হতে পারে?
“আমি ঘুমিয়ে গেলে আপনি কী করবেন?”
অনুর পালটা প্রশ্নে রায়ান ভাই হকচকিয়ে বলল,
“কী করব আমি? ঘুমাব।”
“ঘুমাবেন নাকি অন্য কারো কাছে যাবেন?”
“ছি! কীসব বাজে কথা।”
“কাছে আসেন।”
“কী?”
“কী কী করেন কেন? বললাম কাছে আসতে।”
“ফ্রেশ হয়ে আসি? এখনো বিয়ের পাঞ্জাবি পরে আছি।”
“আচ্ছা।”
রায়ান ভাই ঠান্ডার মধ্যেও গোসল করে বের হল। তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে জিজ্ঞেস করল,
“ঘুমিয়ে পড়েছিস?”
অনুর কোনো সাড়াশব্দ নেই। রায়ান ভাই খাটে বসে, অনুর মুখের দিকে ঝুঁকে তাকাল। বোঘোরে ঘুমুচ্ছে অনু। রায়ান ভাই কপালে হাত রেখে দেখল, জ্বর এখনো আছে কিনা। জ্বর নেই দেখে স্বস্তির নিস্তার নিল। মুচকি হেসে অনুর কপালে চুমু খেল। এরপর অনুকে বুকে নিয়ে নিজেও শান্তিতে ঘুম দিল। কত কাহিনি, ঝামেলার পর অনুকে নিজের করে পেয়েছে সে।
বিয়ের দিন যেরকম তুমুল বৃষ্টি হয়েছিল, পরেরদিন ঠিক ততটাই প্রখর রোদ উঠল। এক হিসেবে ভালোই হয়েছে। রিসিপশনের অনুষ্ঠানটা এখন ভালোমতো করা যাবে। অনুও এখন সুস্থ।
ঘুম থেকে উঠে অনু উঠানে গেল। রোমিও ওকে দেখে দৌঁড়ে এসে কোলে উঠেছে। অসুস্থতা ও বিয়ের ঝামেলায় রোমিওকে সেভাবে সময়ই দিতে পারেনি অনু। ওকে কোলে নিয়ে আদর করছিল, তখন চাচিরা এসে তাড়া দিলেন দ্রুত নাস্তা করার জন্য। একটুপরই পার্লারে সাজতে যেতে হবে।
সূর্য এসে পাশে দাঁড়াল মুখ গোমড়া করে। সে অনেক চেষ্টা করে স্বাভাবিক থাকার। কিন্তু অনুকে দেখলেই তার সেই চেষ্টায় ভাঁটা পড়ে। বুকটা খাঁখাঁ করে। শূন্য লাগে নিজেকে। কেন যে সে অনুর প্রেমে পড়তে গিয়েছিল আজও বোঝে না। অনু কখনোই তার হওয়ার ছিল না। নানা, মামারা কেউ সম্পর্কের বিয়ে পছন্দ করেন না। তারওপর অনু ওর থেকে বয়সে বড়ো। কখনো বাড়িতে মুখ ফুটে অনুকে বিয়ে করার কথা বলার সাহসও হতো না। আর অনুকে বললে তো গালে থা’প্প’ড় পড়ত শিওর! সব হিসাব করতে গেলে অনুকে পাওয়ার ইচ্ছে আকাশ-কুসুম ছাড়া আর কিছুই ছিল না। তবুও বোকা মন। বুঝতে চায় না।
“কীরে? কিছু বলবি?” সূর্যর দিকে তাকিয়ে জিজ্ঞেস করল অনু।
“না, তোমায় দেখছি। জ্বর কমেছে?”
“হ্যাঁ।”
“জ্বর হলে আমরা কাবু হয়ে যাই, আর তুমি সুন্দর হয়ে গেছ ব্যাপারটা কী?”
“সবই দুলাভাইয়ের ভালোবাসার জাদু।”
সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে বলল শাপলা। সূর্য বিরক্ত হলো। চোখ-মুখ কুঁচকে বলল,
“তোমাকে এসব কথা কে বলতে বলেছে? বলবে না এসব। আমার ভালো লাগে না।”
অনু ধমক দিয়ে বলল,
“থা’প্প’ড় দেবো সূর্য। বেয়াদবের মতো কথা বলছিস কেন? শাপলা তোর বয়সে বড়ো। আমি যেমন তোর বড়ো বোন, শাপলাও তেমন।”
সূর্য তেলে-বেগুনে জ্বলে উঠে বলল,
“নিকুচি করেছি বড়ো বোনের! আমার কোনো বড়ো বোন নেই।”
এরপর রাগ দেখিয়ে হনহন করে ওপরে চলে গেল। অনু হতবিহ্বল হয়ে তাকিয়ে আছে। শাপলা হাসছে মুচকি মুচকি। অনু বলল,
“ওর কথায় কিছু মনে কোরো না।”
শাপলা হাসতে হাসতে বলল,
“ধুর! ওর কথায় আমি কী মনে করতে যাব? আমার তো ওকে রাগিয়ে দিয়ে মজা লাগছে। তোমাকে ও পছন্দ করে, তুমি বোঝো না?”
অনু সতর্ক হয়ে বলল,
“চুপ! বাড়ির কেউ জানলে কুরুক্ষেত্র হয়ে যাবে একদম।”
এরপর একটু চুপ থেকে বলল,
“আমি সবই বুঝি। কিন্তু সব কিছুকে সব সময় পাত্তা দিতে নেই। কিছু জিনিস বুঝেও এড়িয়ে যাওয়া ভালো।”
লিলি খালা চা নিয়ে গেলেন রিয়াদের রুমে। রিয়াদ আলমারি থেকে শার্ট বের করছিল রিসিপশনে পরার জন্য।
“তোমার চা।”
রিয়াদ ফিরে লিলি খালাকে দেখে বলল,
“স্নিগ্ধা কোথায়? ওকে না বললাম চা দিয়ে যেতে?”
“স্নিগ্ধা ব্যস্ত আছে।”
“ওকে আসতে বলো। দরকার আছে।”
“আচ্ছা।”
লিলি খালার থেকে জরুরি তলব পেয়ে স্নিগ্ধা ছুটে এলো, জরুরি কোনো দরকার আছে ভেবে। অথচ রিয়াদ স্নিগ্ধার ঘনিষ্ঠ হতে চায়, কাছাকাছি থাকতে চায়, দূরত্ব মিটিয়ে নিতে চায়। তাই তার নানান অজুহাত এবং বাহানা। কিন্তু ইন্ট্রোভার্ট এবং লাজুক স্বভাবের হওয়ায় সরাসরি বলতেও পারে না। স্নিগ্ধাও যেন কেমন অন্ধ সেজে থাকে মনে হয়। না হলে কেন সে রিয়াদের চোখের ভাষা বোঝে না?
“ডেকেছেন আমায়?”
রিয়াদ গম্ভীর হয়ে বলল,
“হুম। তোমার কাছে চা চেয়েছি। তুমি লিলি খালাকে দিয়ে কেন পাঠিয়েছ?”
“চাচিদের সাথে একটু কাজ করছিলাম।”
“তুমি কি আমাকে এড়িয়ে চলছ?”
স্নিগ্ধা অবাক হয়ে বলল,
“এড়িয়ে চলব কেন?”
“জানি না।”
দুজনই চুপ করে আছে। স্নিগ্ধা রিয়াদের ভাবভঙ্গি বোঝার চেষ্টা করছে। হঠাৎ করে কী হলো লোকটার? এদিকে রিয়াদ নিজে পছন্দ করে স্নিগ্ধার জন্য একটা শাড়ি এনেছে। কিন্তু কীভাবে দেবে বুঝতে পারছে না। লজ্জা লাগছে আবার সংকোচও হচ্ছে।
অনেকক্ষণ চুপ করে থেকে স্নিগ্ধা বলল,
“কিছু কি বলবেন? লাগবে কিছু?”
“তোমার মনে হয় খুব তাড়া আছে। আচ্ছা আর সময় নষ্ট করব না।”
“ভুল বুঝছেন আমায়।”
“আলমারির দ্বিতীয় কেবিনেটে একটা শাড়ি আছে তোমার জন্য। জানি, রায়ানের বিয়ে উপলক্ষে তোমার জন্য শপিং করা হয়েছে। তাই জোর করব না। ইচ্ছে হলে পরতে পারো। আর না হলে নেই। আমি কিছু মনে করব না।”
রিয়াদ আর অপেক্ষা করল না। দ্রুত রুম থেকে বেরিয়ে গেল। তার হার্টবিট দ্রুত চলছে। এরকম হতো যখন সে মায়ার সাথে নতুন সম্পর্কে ছিল। ভয় লাগত, নার্ভাস হয়ে পড়ত। গুছিয়ে কথা বলতে পারত না। এসব দেখে মায়া ঠোঁট টিপে হাসতো খুব। স্নিগ্ধা অবশ্য হাসেনি। হয়তো হাসার সুযোগটাই পায়নি। সে অবাক হয়ে তাকিয়ে ছিল রিয়াদের দিকে।
রিয়াদ রুম থেকে চলে যাওয়ার পর অনেকক্ষণ পর্যন্ত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে ছিল স্নিগ্ধা। এরপর সে আলমারি খুলে কাঁপ কাঁপা হাতে শাড়ির প্যাকেটটি বের করল। শাড়িটি বুকে নিয়ে সে হাঁপুস নয়নে কাঁদছে। আনন্দের কান্না। রিয়াদ বিয়ের পর হতে অনেক কিছুই স্নিগ্ধাকে কিনে দিয়েছে। তবে সেসব ছিল শুধু দায়িত্ব ও কর্তব্য থেকে। কিন্তু স্নিগ্ধা জানে, আজ এই শাড়ি দায়িত্ব, কর্তব্য থেকে নয়, ভালোলাগা থেকে, ভালোবাসা থেকে নিয়ে এসেছে।
কিছুদিন আগেই লম্বা ছুটি কাটিয়েছে বলে রায়ানের এক্স কলিগরা ওর বিয়েতে আসতে পারেনি। কিন্তু রিসিপশনে এসেছে। সবাই অনুকে ভাবি, ভাবি ডেকে একদম পাগল করে ফেলেছে। হিয়াকে দেখলেই অনুর অনেক কিছু মনে পড়ে যায়। যদিও সেসব অভিনয় ছিল, তবুও অনুর ভীষণ রাগ হয়, হিংসা হয়। এইযে রিসিপশনে এসে রায়ান ভাইয়ের সঙ্গে হেসে হেসে ছবি তুলেছে, গল্প করেছে অনুর একদম ভালো লাগছে না। যদিও সে মুখে কিছুই বলেনি। কিন্তু মুখ ভার করে রেখেছে। আর কেউ না বুঝলেও রায়ান ভাই বুঝেছে। বউদের জেলাসি ভিন্ন রকম সুন্দর হয়।
অন্যদিকে আত্মীয়-স্বজন থেকে শুরু থেকে সব মেহমানদের আপ্যায়ন করা নিয়ে ব্যস্ত রিয়াদ। কিন্তু তার মন পড়ে আছে স্নিগ্ধার কাছে। ওর দেওয়া নীল শাড়িটা পরেছে স্নিগ্ধা। কী যে সুন্দর লাগছে! চোখ ফেরাতে পারছিল না রিয়াদ। কিন্তু না ফিরিয়েও উপায় নেই। তার অনেক দায়িত্ব এখন। দায়িত্ব পালন করতে গিয়ে বউকে একটু দুচোখ ভরে দেখার ফুরসত হচ্ছে না। এখন রাতের অপেক্ষা করা ছাড়া আর উপায় নেই। কিন্তু বাড়িতে ফিরে যদি স্নিগ্ধা শাড়ি খুলে ফেলে? আচ্ছা সমস্যা নেই। প্রয়োজনে সে লাজ-শরমের মাথা খেয়ে অনুরোধ করবে আবার শাড়ি পরার জন্য।
অপেক্ষার প্রহর কাটিয়ে বাড়ি ফিরে যা ভেবেছিল তা-ই হলো। স্নিগ্ধা শাড়ি চেঞ্জ করে ফেলেছে। স্নিগ্ধার ভীষণ মন খারাপ। যতটা আনন্দ নিয়ে শাড়িটা পরেছিল ততটাই এখন মন খারাপ তার। রিয়াদ সারাক্ষণ ব্যস্ত ছিল। স্নিগ্ধা অবুঝ নয়। ব্যস্ততা বোঝে। এ নিয়ে তার কোনো অভিযোগ নেই। অভিমান শুধু এই জন্যই যে, রিয়াদ একটাবার মুখ ফুটে কিছু বললও না। প্রসংশাও করল না।
মন খারাপ করে স্নিগ্ধা যখন রুমে এলো, রিয়াদ তখন ওর জন্যই অপেক্ষা করছিল। স্নিগ্ধা কোনো কথা বলল না। চুপচাপ বিছানায় গিয়ে শুয়ে পড়ল। রিয়াদ কী করবে বুঝতে পারছে না। স্নিগ্ধা কি কোনো কারণে ওর ওপর রেগে আছে?
রিয়াদ সাহস সঞ্চয় করে গলা খাঁকারি দিয়ে বলল,
“তুমি কি ঘুমানোর প্রস্তুতি নিচ্ছ?”
স্নিগ্ধা স্বাভাবিক থাকার চেষ্টা করে বলল,
“কেন? আপনার কিছু লাগবে?”
“হ্যাঁ।”
“কী?”
রিয়াদ ফট করে বলে ফেলল,
“তোমাকে।”
স্নিগ্ধা অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে বলল,
“কী?”
রিয়াদ এগিয়ে গিয়ে বিছানায় বসল স্নিগ্ধার পাশে। লাজলজ্জা ভুলে গিয়ে, দূরত্বের দেয়াল ভেঙে ফেলে স্নিগ্ধার হাত ধরে বলল,
“বউ, শাড়িটা আরেকবার পরো না? তোমাকে একটু চোখ ভরে দেখি।”
স্নিগ্ধা আনন্দে ও লজ্জায় জবাব দিতে পারল না। ঝাঁপিয়ে পড়ল রিয়াদের বুকে।
অনুষ্ঠান শেষ করে বাড়ি ফেরার পর অনু চুপচাপ একদম। ফ্রেশ হয়ে শুয়ে পড়েছিল। মায়ের জোরাজুরিতে অল্প একটু খেয়েছে। রায়ান রুমে আসার পরও কথা বলেনি। মনে মনে হাসে রায়ান। ফ্রেশ হয়ে পাশে বসল। এরপর অনুর পাশেই শুয়ে জিজ্ঞেস করে,
“কী হয়েছে?”
অনু নিশ্চুপ।
“কী হয়েছে? শরীর খারাপ?”
অনু মনে মনে বলল,
“মাথা খারাপ!”
“কথা বলছিস না কেন?”
“ঘুম পাচ্ছে।”
“ঘুম পেলে ঘুমাবি। তাকিয়ে আছিস কেন?”
“আমার ইচ্ছে।”
“তাকিয়ে তাকিয়ে ঘুমাবি?”
অনু বিরক্ত হয়ে শোয়া থেকে উঠে বসল। জিজ্ঞেস করল,
“জ্বালাচ্ছেন কেন?”
রায়ানও উঠে বসে বলল,
“জ্বালাচ্ছি নাকি?”
“তাহলে কী করছেন?”
রায়ান ভাই এ কথার জবাব না দিয়ে অন্য প্রসঙ্গে গিয়ে বলল,
তুমি অজান্তেই বেঁধেছ হৃদয় পর্ব ২৭
“আমার মনে হয় সুগার লো হয়ে গেছে!”
অনু মেজাজ দেখিয়ে বলল,
“তো আমি কী করব?”
“তুই কী করবি মানে? তুই না করলে কে করবে? তুই-ই তো সব করবি। তুই কি ভুলে যাচ্ছিস আমি তোর স্বামী?”
অনু ভ্যাবাচ্যাকা খেয়ে বলল,
“না, ভুলিনি। মেডিসিন আনব?”
“উঁহু! চুমু খা। তাহলেই হবে।”
