Home মধ্য রাতের চাঁদ মধ্য রাতের চাঁদ পর্ব ১৯

মধ্য রাতের চাঁদ পর্ব ১৯

মধ্য রাতের চাঁদ পর্ব ১৯
মুসতারিন মুসাররাত

ঘরটা আধো অন্ধকার। ম্লান আলোয় ঘুমন্ত নীবিড়ের মুখটা ফ্যাকাশে দেখাচ্ছে। মুখে অক্সিজেন মাস্ক। বেডে নিঃসাড় পড়ে আছে দেহটা। ইনজেকশনে দেওয়া ঘুম। জীবনের সাথে কৃত্রিম একটা শান্তি।
ডক্টর খানের সাথে নীরব কেবিনে। ফোনকলের পর যেরকম ছিলো, সেরকমই ছুটে আসে। ত্রস্ত ওয়ালেটটা ট্রাউজারের পকেটে ঢুকিয়ে, ফোন আর বাইকের চাবি নিয়ে– ‘ইমার্জেন্সি বেরোতে হবে’ বলে চলে আসে। ভেবেছিল–নীবিড়ের পা’গ’লামী বেড়েছে, সামলাতে পারছে না; তাই হয়তো ডাকছে। এর আগেও একদিন মাঝরাতে আসতে হয়েছিল। তবে এবারের সিচুয়েশন আলাদা।
ডক্টর খান মৃদুস্বরে বললেন,

-” মিস্টার নীরব, আপনার ভাইয়ের কন্ডিশন খুব একটা ভালো নয়। কিছুক্ষণ আগেই হঠাৎ করে পেশেন্টের শ্বাসকষ্ট শুরু হয়। চটজলদি অক্সিজেন মাস্ক পরিয়ে দেওয়া হয়। পেশেন্ট Prolonged Pulmonary Toxicity এ আক্রান্ত। যা অতিরিক্ত ড্রা’গ গ্রহণের ফলে হয়েছে।”
দুইহাত ট্রাউজারের পকেটে গুঁজে মাথাটা নুইয়ে দাঁড়িয়ে নীরব। কথাগুলো শোনার সাথেসাথে বুক চিঁড়ে দীর্ঘশ্বাস বেরোল। ডক্টর এক মূহুর্ত থেমে নীরবের দিকে তাকিয়ে ফের বলেন,
-” আমি বুঝি এটা বলা সহজ না। তারপর এ কদিনে পেশেন্টের অবস্থা, রিপোর্ট সব দেখে মনে হচ্ছে; পেশেন্টকে খাবারের মাধ্যমে নিয়মিতভাবে কোনো সাইকোঅ্যাক্টিভ সাবস্ট্যান্স দেওয়া হতো।”
নীরব তৎক্ষণাৎ মাথাটা তুলে প্রশ্নাতুর চোখে তাকাল। ঝট করে বলে উঠল,

আরও গল্প পড়তে এখানে ক্লিক করুন 

-” ড্রা’গ?”
-” হ্যাঁ। সম্ভবত মেথামফেটামিন বা এর কোন সিস্টেমেটিক ডেরিভেটিভ। তার মেটাবোলিক রিডিং, নিউরোটক্সিন লেভেল; সবই ইঙ্গিত করে সেদিকেই। প্রথমে পেশেন্ট হয়তো বুঝতে পারেনি। কিন্তু আ’স’ক্তি গড়ে ওঠে খুব দ্রুত। এরপর শরীর নিজে থেকেই চাহিদা তৈরি করতে থাকে। এবং সে নিজে থেকেই ড্রাগ খুঁজতে শুরু করে।”
নীরব চোখদুটো বুঁজে নিল। পরপর দপ করে তাকাল, চোখদুটো রাগে লাল হয়ে উঠেছে। চোয়াল শক্ত করে বলল,
-” আমি ওকে ভালো করে চিনি। ও কখনো…কখনো এসব কিছু ছুঁয়ে দেখারও মানুষ ছিলো না। হঠাৎ ওর পরিবর্তনের খবর শুনে, আমার এরকম কিছুই মনে হয়েছিল।”
ডক্টর নিঃশ্বাস ফেলে বলেন,

-” তাই তো বলছি, এটা পিয়োর ম্যানিপুলেশন। ইনডাকটিভ সাবস্ট্যান্স-ড্রিভেন অ্যাডিকশন; আমরা এরকম কেস মাঝে মাঝে দেখি, কিন্তু নীবিড়ের মতো মস্তিষ্কে ড্যামেজসহ কেস খুব বিরল। সিম্পটম গুলা খুব ক্লাসিক। Substance-Induced Psychotic Disorder-এর মধ্যে আছে নীবিড়।”
নীরবের গলাটা একটু কাঁপল বোধহয়,
-” ম-মানে….ও আর আগের মত হবে না?”
ডক্টর কিছু মূহুর্ত চুপ থাকল। তারপর বলেন,
-” পেশেন্টের পার্মানেন্ট নিউরোনাল ড্যামেজ হয়ে গেছে। ব্রেনের কিছু অংশ যেগুলা; ইমোশন, ডিসিশন, রিয়ালিটি সেন্স ধরে রাখে, সেগুলা আর ঠিকভাবে রেসপন্স করছে না। ওর আগের মতো হওয়ার চান্স…..”
কয়েক সেকেন্ড থম মে”রে থেকে এক নিঃশ্বাসে বললেন,

-” ওর আগের মতো হওয়ার চান্স…..প্রায় নেই।”
নীরবের বুকের ভেতর ধ্বক করে উঠল। চোখের কোণ ভিজে গেল। ডক্টর আশ্বাসের সুরে বললেন,
-” তবে হ্যাঁ, আমরা নিউরোলজিক্যাল স্ট্যাবিলাইজেশন থেরাপি দিয়ে চেষ্টা করছি কিছুটা রিগেইন করানোর। বাকি সবটা উপরওয়ালার ইচ্ছে।”
[তথ্য সংগৃহীত]
শেষের ‘ইচ্ছে’ শব্দটা যেন লহমায় বাচ্চা মেয়েটার কথা মনে করিয়ে দিল। পাপা বলতে পা’গল মেয়েটা তার পাপাকে কী সত্যিই ফিরে পাবে না? তার পাপার আদর পাবে না? নীরব তো চেয়েছিল–তার পাপাকে আগের মতো সুস্থ, আগের মতো তাকে আদরে রাখতে, তার কাছে ফিরিয়ে দিতে। কিন্তু ভাগ্যে না থাকলে, কী করার!
নীরবের কণ্ঠনালীতে সব কথা আঁটকে গেছে। ও কিছুই বলতে পারল না। ধীরেধীরে এগিয়ে যায় ভাইয়ের মাথার কাছে। হাত ছুঁয়ে দেয় কপালে। নীবিড় ঘুমোচ্ছে, মুখে অদ্ভুত এক নিরীহ, নিষ্পাপ শিশু সুলভ ভাব। অযত্নে মাথার চুল, দাঁড়ি গোঁফ বড়বড় হয়ে গিয়েছে। চুলগুলো কেমন জটলা পেকে আছে। নীরবের চোখের পানি গড়িয়ে পড়ল। ভেতরটা নীল বেদনায় মুষড়ে উঠছে।

আজ প্রীতির উপর যতটুকু ক্রোধ হচ্ছে ততটা রাগ-ক্ষোভ নিজের বাবা-মায়ের উপরও হচ্ছে। ভেতরে একের পর এক প্রশ্ন তৈরি হচ্ছে। যার উত্তর সঠিক মিলাতে পারছে না। মা যদি বিয়েটা মেনে নিতো, তাহলে হয়তো আজ এদিন আসতো না। মায়ের সমস্যাটা কী ছিলো? নিজের পায়ে দাঁড়ানোর আগে, প্রেম করে বিয়ে করে না কেউ? অনেকে করে। তাই বলে মেনে নিবে না। প্রীতিকে নিয়ে সমস্যা? মায়ের প্রীতিকে নিয়ে কী এমন সমস্যা? আর বাবা, বাবা কেনো মায়ের এই ব্যাপারে বিরুদ্ধে গেলেন না। বাবা তো যথেষ্ট বুঝদার , একজন সৎ মানুষ। মায়ের ছেলেমানুষীকে কেনো চুপ থেকে সম্মতি দিলেন? আজকেই বাবা-মায়ের সাথে এ নিয়ে কথা বলবে বলে স্থির করে নীরব।
প্রীতি…. প্রীতি….প্রীতি….এই নামটা ভুল করে মনে উঠলেও তীব্র ঘৃ”ণা হচ্ছে। নীবিড়ের এই অবস্থার জন্য যদি প্রীতি দায়ী হয়! তবে প্রীতির উদ্দেশ্যটা কী? প্রেম….লাভ ম্যারেজ….এসব কিছু লোক দেখানো। বিয়ের পর পাঁচটা বছর তো দু’জনের ভালোই কেটেছে।

মায়ের মুখে শুনেছে, নীবিড় মিনিট দুয়েকের বড় নীরবের। তবে জমজ হওয়ায়, দু’জনের ফ্রেন্ডলি সম্পর্ক ছিলো। বাড়ির কারো সাথে যোগাযোগ না হলেও, নীরবের সাথে ফোনে কথা হতো। কখনো তো ওদের দাম্পত্য কলহের কোনো কথা বলেনি। যতটুকু শুনেছে, ভালোটাই। তারপর সোশ্যাল মিডিয়ায় ছাড়া দু’জনের ছবি, দেখে তো হ্যাপি কাপলই মনে হতো। তবে আমরা যা ব্যহ্যিক দেখি, আর শুনি….. সেটা বেশি ক্ষেত্রেই থাকে শো অফ। প্রত্যেকের ভেতরের খবর শুধু তারাই জানে। আপাত দৃষ্টিতে অমুককে দেখে মনেহয়, কত সুখি! কতই না তাদের শান্তি!
আমরা বলেও ফেলি; আহা! ওর মতো যদি আমার লাইফটা হতো। আবার দেখা যায়, সেইম লোকও ওরকম আফসোস করে বলে। প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে কোনো না কোনো অপ্রাপ্তি, অপূর্ণতায় ভোগে।‌ যে মানিয়ে নেয়, সেই প্রকৃত সুখি।

নীরব ভোর রাতে ফেরে। এক্সট্রা চাবি দিয়ে লক খুলে ভেতরে ঢোকে। ফ্রেশ হয়ে ক্লান্ত শরীরটা নিয়ে ধপ করে বিছানার একপাশে বসে নীরব। চোখ যায় এলোমেলো, জুবুথুবু হয়ে ঘুমিয়ে থাকা প্রত্যাশার দিকে। হাত দু’টো গলার সাথে চেপে জড়সড় হয়ে শুয়ে। ভোর রাতের দিকে আবহাওয়া একটু ঠান্ডা ঠান্ডাই থাকে। প্রত্যাশার শীত করছে বুঝতে পেরে নীরব চাদরটা ছাড়িয়ে টেনে দেয় প্রত্যাশার গলা অবধি। পরপর শুয়ে কপালের উপর ডান হাতটা ভাঁজ করে রেখে নানান চিন্তা-ভাবনা করতে করতে এক পর্যায়ে চোখ লেগে যায় নীরবের।

প্রত্যাশা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে এলোমেলো চুল পরিপাটি করতে থাকে। ভেতরে কৌতুহল হচ্ছে, রাতে কী এমন ইমার্জেন্সি কল আসল? কোথায় গিয়েছিল? তবে ঘুমন্ত মানুষকে তুলে এসব জিজ্ঞেস করতে ইচ্ছে হলো না। নীরব কখন ফিরেছে প্রত্যাশা জানে না। যে ঘুম ওর; ভাবে তাড়াতাড়িই ফিরেছে হয়তো। ও তো চোখ বোজার সাথে সাথে ঘুমিয়ে পরে। ঘুমের মধ্যে চু’রি করে নিয়ে গেলেও টের পাবে না।
হঠাৎ আয়নার মধ্যে গলার বা পাশে লালচে একটা দাগ নজরে এল। আপনাআপনি প্রত্যাশার আঙুল ছুঁয়ে গেল দাগটায়। সাথে সাথে শিরশির করে উঠল সমস্ত কায়া। রাতের ওই মূহুর্তটুকু জ্বলজ্বল করে উঠল চোখের তারায়। লজ্জায় রাঙা হলো মুখখানা। আড়চোখে বিছানায় ঘুমন্ত নীরবকে দেখল প্রত্যাশা; ঘুমন্ত ফেসটা ইন্নোসেন্ট দেখাচ্ছে। প্রত্যাশা ভাবল– তবে জাগ্রত মানুষটা প্রত্যাশার কাছাকাছি থাকলে মোটেই ইন্নোসেন্ট নয়।
প্রত্যাশা ফেস পাউডারের কৌটা হাতে নিয়ে, দাগটা আড়াল করতে সামান্য পাউডার লাগিয়ে রাখল। চুলগুলো ক্লিপ দিয়ে আটকাতে গিয়ে, মাথাটা বাঁকা করে পিছনে কিঞ্চিৎ ঘুরাতেই গলার পেছনের দিকে থাকা জন্ম দাগটা নজরে আসল। ক্লিপটা চুলে গেঁথে বিড়বিড় করল,
-” ওয়াও! প্রত্যাশা…. ওয়াও! শরীরে তো দাগের সংখ্যা বেড়েই চলেছে। দু’টো জন্ম দাগ ছিলো। এখন আবার অন্য দাগ পড়া শুরু হলো।”
প্রত্যাশার ডান বাহুতে, কনুইয়ের থেকে একটু নিচে, নজরে পড়ার মতো জন্ম দাগ আছে। প্রত্যাশা তো মাঝেসাঝে বলত– তোমাদের মেয়ে যদি ছোটবেলায় হারিয়ে যেতো না, এই দাগগুলো দেখে খুঁজে পেতে। ঠিক বলেছি না আম্মু? অধরা উত্তর না দিয়ে, শুধু চোখ রাঙিয়ে চাইত।

শফিক সাহেবের অফিস থাকায় যাওয়ার জন্য তাড়া দিচ্ছেন। প্রত্যাশা বাবার সাথে হালকা কিছু মুখে দেয়। নীরব ঘুম থেকে জাগেনি। প্রত্যাশা ত্রস্ত রেডি হয়ে রুম থেকে বেরোনোর আগে বিছানার দিকে তাকিয়ে মুচকি হেসে মনেমনে বলল,
-” মহাশয়, সারারাত চো’রের পিছুপিছু দৌড়ে এখন পড়েপড়ে ঘুমুচ্ছেন। আর অন্যরা হয়তো ভেবে বসবে, না জানি কতকিছু! বউকে পেয়ে সারারাত নির্ঘুমে কাটিয়ে, এখন বেলা করে ঘুমুচ্ছে।”
নীরবকে জাগালো না প্রত্যাশা। ঘুমিয়ে আছে একদিক দিয়ে ভালোই হয়েছে। নীরবের দিকে তাকালেই কেমন লজ্জা লজ্জা লাগছে। ঠোঁটে, গলায় এখনো মনে হচ্ছে স্পর্শটুকু লেগে আছে। সামনাসামনি কথা বলতে অস্বস্তি হবে। এইভেবে আর ডাকল না। আর পুলিশ মানুষ; সিভিলে, তারপর ছদ্মবেশে যেকোন সময় বাইরে যেয়েই থাকে। দরকারি কেসের প্রমাণ-ট্রমান যোগাড় করতে। তাই প্রত্যাশা আর অতশত মাথা ঘামাল না। অফিশিয়াল কাজে গিয়েছিল ভেবে নেয়।

-” তোদের দু’জনের কী হয়েছে?”
এক হাতে ফোন, আরেক হাতে কফির মগ। চুমুক দিতে গিয়ে মায়ের কথায় এক মুহূর্ত থেমে যায় প্রীতি। উত্তর না দিয়ে ধীরে সুস্থে কফিতে চুমুক দেয়। তানিয়া আবারও জিজ্ঞেস করলেন,
-” প্রীতি, আমি আজ ক’দিন লক্ষ্য করছি; তোরা দুইভাই বোন কথা বলছিস না। কী হয়েছে কী তোদের আবার? নিজেদের মধ্যে শুধু শুধু কী নিয়ে ঝামেলা বাধালি?”
-” আমি কোনো ঝামেলা বাঁধাইনি। তাই প্রশ্নটা আমাকে না করে তোমার ছেলেকে করো।”
তানিয়া দীর্ঘশ্বাস ফেললেন। এমন সময় কাঁকনের মতো ঝনঝন শব্দ হলো। ইচ্ছে ছুটে এলো নুপুরের টুংটাং শব্দ নিয়ে। ছোট ছোট পায়ে ছুটে এসে আনন্দে লাফিয়ে বলল,
-” মাম্মা! মাম্মা কেমন লাগছে? প্রিটি?”
পরনে স্কুল ড্রেস, চুলগুলো ছোট্ট রাবার ব্যান্ড দিয়ে বাঁধা। পায়ে নতুন নুপুরজোড়া। যার রিনরিনে শব্দ খুশির ঘণ্টাধ্বনি হয়ে বাজছিলো। পা দুটো সামনে বার করে ইচ্ছে দুলতে দুলতে দাঁড়ায়। প্রীতি না তাকিয়েই বলল,
-” হুম। ভালো লাগছে।”
ইচ্ছে তানিয়াকেও জিজ্ঞেস করে। তারপর আচমকা ইচ্ছে বলে উঠল,

-” জানো নানু, পাপা বলেছে…পাপা বলেছে আমাকে পাপার বাসায় নিয়ে যাবে। যেখানে পাপা থাকে, পাপার পাপা, পাপার মাম্মা….আরোওও অনেকে থাকে।”
দুইহাত ছাড়িয়ে চোখেমুখে খুশির ঝিলিক ছড়িয়ে বলে ইচ্ছে। দম ফেলে আহ্লাদী স্বরে বলতে থাকে,
-” ওখানের সবাই আমাকে আদর করবে, আমার সাথে খেলবে। আমার আর মন খারাপ করবে না, পাপাকে মিস লাগবে না। সব্বাই থাকবে।”
তানিয়া একহাতে ইচ্ছের গাল ছুঁয়ে দিলেন। বললেন,
-” তুমি যেতে চাও দাদুর বাসায়?”
ইচ্ছে মুখে টলটলে হাসি মেখে ঘাড় কাত করে বলল,
-” আমি পাপার কাছে থাকতে চাই।”
তানিয়া জিজ্ঞেস করলেন,

-” এখান থেকে চলে গেলে নানুকে ভুলে যাবে কী? মনে রাখবে কী নানুকে?…..বেইমান, বিশ্বাসঘাতক বংশের র*ক্ত তোমার শরীরে। ভুললেও অবাক হবো না।”
শেষের কথা দুটো মনেমনে বললেন। প্রীতি কপালে বিরক্তির ভাঁজ ফেলে মনাকে ডেকে বলল,
-” স্কুলের সময় হয়ে গেছে। ড্রাইভার নিচে আছে। ইচ্ছেকে গাড়িতে তুলে দিয়ে আসো।”
ইচ্ছে মায়ের কাছে এসে গালে চট করে চুমু খেয়ে হাত নাড়িয়ে বলে,
-” বাই মাম্মা।”
হাতটা নাড়াতে গিয়ে প্রীতির বাহুতে ধা’ক্কা লেগে প্রীতির হাত খসে ফোনটা নিচে পড়ে যায়। মাম্মা ব’ক’বে এইভেবে ইচ্ছে ভ’য় পেল। মুখটা শুকনো করে ভয়ার্ত কন্ঠে বলল,
-” স্যয়ি মাম্মা… তোমার নতুন ফোনটা পড়ে গেল। এটাও ভেঙে গেল। তোমায় আবার নতুন ফোন…..
প্রীতি কথার মাঝেই বলল,
-” ঠিক আছে। তুমি স্কুলে যাও।”
মাম্মা ব’কেনি জন্য ইচ্ছের আনন্দ হলো। প্রীতি ফোনটা ফ্লোর থেকে তুলল। গ্লাস ফাটার আশংকা করেছিল তবে দেখল ফাটেনি।

কিছুক্ষণ পর….
প্রীতি অফিস যাওয়ার জন্য বেরোবে। হঠাৎ নীরবকে দেখে থমকে গেল। এই সময় নীরবের উপস্থিতিতে অবাক হলো! ড্রয়িংরুমে নীরব মুখোমুখি দাঁড়িয়ে। বিস্মিত প্রীতি জিজ্ঞেস করল,
-” এই সময় হঠাৎ? না কোনো ফোন, না কোনো বার্তা… কী ব্যাপার?”,
ভেতরের ক্রোধ কন্ট্রোল করার চেষ্টা করে তপ্ত নিঃশ্বাস ফেলল নীরব। শক্ত গলায় বলল,
-” তোমাকে একটা প্রশ্ন করতে এসেছি। আশা করছি এবার সত্যিটা বলবে।”
প্রীতির মুখে তুচ্ছ তাচ্ছিল্যের হাসি খেলে গেল। সেই হাসিতে নীরবের গায়ে কাঁ’টা দিল। ওর আঙুল মুষ্টিবদ্ধ হয়ে উঠল রাগে। প্রীতি কণ্ঠে ব্যঙ্গ মিশিয়ে বলল,
-” দাঁড়িয়ে আছো কেনো? বসো না। চা নাকি কফি? কিছু খেতে খেতে শুনি তোমার অভিযোগপত্র।”
নীরব ঠান্ডা স্বরে বলল,

-” আমি তোমার সাথে গল্প করতে আসিনি।”
-” সেটা আমি জানি। তাহলে তোমার কথা তাড়াতাড়ি বলো। অহেতুক সময় ন’ষ্ট করছো।”
নীরব সরাসরি বলল,
-” নীবিড় নিজের ইচ্ছায় ড্রাগে আ’স’ক্ত হয়নি। ওকে আ’স’ক্ত করা হয়েছে। ওর খাবারের ভেতর দিয়ে। তুমি কেনো এসব করলে? তোমার উদ্দেশ্য কী?”
নীরবের কপালের রগ ফেঁপে উঠেছে। ফর্সা মুখ রাগে লাল, চোখদুটো আ’গুন ছড়াচ্ছে। প্রীতি হেসে উঠল। মনে হলো শুনেছে কোনো রসিকতা। গা দুলিয়ে হেসে বলল,
-” ওয়াও! নাইস জোকস্!”
-” সাট আপ।”
নীরবের বজ্র গলার ধমক ঘরের প্রতিটি কোণে প্রতিধ্বনিত হলো। মুহূর্তেই স্তব্ধতা। প্রীতির মুখে রাগ। চোয়াল শক্ত করে বলল,

-” আমার উপর এইভাবে অভিযোগ তুলবে না, নীরব! এতদিন ইনডিরেক্ট বলেছো। সহ্য করেছি। কিন্তু এবার সীমা ছাড়িয়ে যাচ্ছো। আমি কেনো এসব করব?”
-” সেটা তুমিই জানো ভালো করে। উত্তর তোমার কাছেই আছে।”
-” তুমি তো আইনের লোক, তাই না? প্রমাণ ছাড়া একজনকে দোষারোপ করো কীভাবে? শুধু সন্দেহ করলেই কেউ অপরাধী হয় না। এটা কেমন বিচার?”
-” নীবিড় তোমার কাছেই ছিলো, বাইরের কেউ এভাবে কিছু করতে পারত না।”
প্রীতি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল,
-” আমরা যখন চট্টগ্রামে ছিলাম, তখন ওর অফিসের এক সহকর্মীর সঙ্গে নীবিড়ের ভালো সম্পর্ক গড়ে ওঠে। শোনা যায় সেই লোক গোপনে ড্রা’গ ব্যবসায় জড়িত ছিলো। ধীরে ধীরে নীবিড় নিজেই তার সঙ্গে জড়িয়ে পড়ে। তারপর ও নি…”
নীরব ধ’ম’ক দিয়ে উঠল,

-” মিথ্যে! বানানো কথা বন্ধ করো!”
প্রীতি জোরে চেঁচিয়ে উঠল,
-” প্রমাণ ছাড়া গলার জোরে আমাকে অপরাধী বানানোর চেষ্টা করো না!”
তন্মধ্যে সিঁড়ি বেয়ে নেমে এল সার্থক। শার্টের হাতা ফোল্ড করতে করতে বলল,
-” বাহ! ওয়েল, ওয়েল… এএসপি সাহেব! তুমি বোধহয় ভুলে গিয়েছো এটা একজন ভদ্রলোকের বাসা!”
নীরব কপালে আঙুল ডলে রাগ সংবরণ করতে থাকে। সার্থক এগিয়ে এসে শক্ত গলায় বলল,
-” এটা একজন ভদ্রলোকের বাড়ি। এটা তোমার পুলিশ স্টেশন না। কার সাথে কীভাবে কথা বলতে হয়? এতটুকু ম্যানারস নেই দেখছি তোমার মধ্যে। আমার বাড়িতে দাঁড়িয়েই আমার বোনের সাথে মিস বিহেভ করছো, ক্লেইম করছো। জানো, এইজন্য আমি তোমার নামে মামলা করতে পারি।”
নীরব হেসে ফেলল। বলল,

-” আমাকে মামলা দিয়ে ভ’য় দেখাচ্ছো?”
সার্থক শান্ত গলায় প্রশ্ন ছুঁ’ড়ল,
-” কেনো? পুলিশের বিরুদ্ধে কি মামলা হয় না? হয়নি কখনো?”
-” নিশ্চয় হয়। আমিও জানি। কিন্তু মনে রেখো, যেদিন আমি কাউকে কাঠগড়ায় দাঁড় করাব; সেদিন তার পায়ের নিচে মাটি থাকবে না। কারণ সেদিন শুধু সন্দেহ করেই না। সাথে থাকবে প্রমাণ।
এক মুহূর্ত থেমে প্রীতির দিকে তাকিয়ে বলল,
-” সময় নিচ্ছি কারণ নিয়ম আছে।”
এইবলে আর একটাও বাড়তি কথা না বলে নীরব চলে যায়। কাজের মেয়েটা কিচেন থেকে উঁকি দিয়ে দেখছিল। বিড়বিড় করে,
-” ভাবাগো বাবা….দুই ভাইবোনির সেকি মিল। আবার এইতো দু’দিন আগে; কী নিয়া! সে কী রাগারাগি। কথা কওন বাদ। এক টেবিলে খাওন বাদ। এহন সেই বোনের পক্ষ নিয়ে স্যার কতা কইতাছে। বড়লোকেরা পারেও বাপু নাটক করবার। বিনে পয়সায় নাটক দেহি খালি।”

পৌর পার্কের সবুজ ঘাসের উপর প্রত্যাশা আর হ্যাপি বসে। প্রত্যাশা কোলের উপর থাকা ব্যাগের উপর খাতা রেখে হ্যাপির খাতা থেকে ম্যাথ তুলছে। গতকাল ও বাড়ি থাকায় ম‌্যাথ প্রাইভেট মিস যায়। বিকেলে ফিজিক্স পড়তে এসে হাতে সময় থাকায় পার্কে বসে অংক তুলছে। আশেপাশে বাচ্চারা খেলা-ধূলা করছে, কেউ দোল খাচ্ছে, বড়রা কেউ বসে গল্প করছে, হাঁটছে, দৌড়াচ্ছে।
হঠাৎ গা ঘেঁষে বাচ্চা মেয়ে দৌড়ে গেল। ঝুমঝুম করে শব্দ হলো। প্রত্যাশা লেখা বাদ দিয়ে তাকাল। মেয়েটা গোলগোল ঘুরছে, কোলের সাথে একটা টেডি ধরে। মেয়েটাকে দেখেই প্রত্যাশার মুখে হাসি ফুটল। ত্রস্ত কলম, খাতা হ্যাপির কোলের উপর দিয়ে বলল,

-” আমার হাত লেগে গিয়েছে রে। তুই একটু তুলে দে না।”
হ্যাপি–না..না করেও লাভ হলো না। হ্যাপির ঘাড়ে দিয়ে প্রত্যাশা বাচ্চা মেয়েটাকে ডাকল,
-” হেই ইউ? হেউ কিউটিপাই! তোমাকে…তোমাকে বলছি। এদিকে আসো।”
ইচ্ছে গোলগোল চোখ করে তাকিয়ে থাকে। কিছুপল পর গম্ভীর মুখে আসল। ইচ্ছের গাল ছুঁয়ে বলল,
-” আমাকে চিনতে পেরেছো?”
দুদিকে মাথা নাড়িয়ে -” নাহ” বোঝায়। প্রত্যাশা বলতে থাকল–কিছুদিন আগেই তো এই পার্কে দেখা হয়েছিল। ইচ্ছের মনে পড়ল না। এছাড়া ছবিতে একবার দেখেছে। ছোট মানুষ, ছবির দেখায় মানুষকে সঠিক চিনতে পারে নাকি! প্রত্যাশা মন খারাপ করার অভিনয় করল,
-” এই রে তুমি চিনতে পারছো না। আমার তো দুঃখ লাগছে। সেদিন তোমার সাথে খেললাম।”
খেলার কথা বলতেই ইচ্ছে বিজ্ঞের মতন বলল,

-” ও..ও।”
-” তোমার নামটা যেনো কী? উমম! আমার নামের মতোই ছিলো তোমার নামটা। কী যেনো চাওয়া-পাওয়া।”
-” চাওয়া-পাওয়া নয়। ইচ্ছে। আমি ইচ্ছে।”
মুখটা গম্ভীর করে সুধরে দেয় ইচ্ছে। প্রত্যাশা হেসে ফেলল। হ্যাপি অংক তুলছে আর কটমট চোখে চাইছে–যত জ্বা’লা আমার। ওদিকে উনি হাত-পা ছাড়িয়ে একটা বাচ্চার সাথে খেজুরে আলাপ জুড়ে দিয়েছে।
প্রত্যাশা সেদিনের ন্যায় মিশে যায় ইচ্ছের সাথে। মনা পিছে দাঁড়িয়ে। প্রত্যাশার পাশে বসে ইচ্ছে কুটুস কুটুস করে গল্প করছে। প্রত্যাশা ব্যাগ খুঁজে লিচি ক্যান্ডি বের করে ছিঁড়ে দিল। গল্প করার মাঝে ইচ্ছের পাশে রাখা টেডির বড়বড় কান নেড়ে প্রত্যাশা বলল,
-” তোমার টেডি টা সো কিউট!”
-” হুম। মামা দিয়িছে।”
-” ওহ্, এটা মামা গিফট করেছে। আমি ভেবেছিলাম তোমার পাপা।”
-” পাপা খেলনা দেয়। অনেক…।”
তারপর আচমকা পা-টা দেখিয়ে বলল,
-” এই এই… পাপা দিয়েছে, সুন্দর?”
-” হুম, খুব সুন্দর!”

নুপুর জোড়া দেখতে দেখতে মনেহলো–ইয়া আল্লাহ! সেইম এই ডিজাইনের নূপুর তো নীরবও এনেছে। আনিশার জন্য।
মনা তাড়া দেয়। ইচ্ছে ‘বাই’ বলে চলে যায়। কিছুক্ষণ পর প্রত্যাশারাও উঠে। দাঁড়িয়ে পিছুনে ঘুরতে নিয়ে হ্যাপি চেঁচিয়ে উঠল,
-” এইরে মেয়েটা তো ওর টেডি ফেলে গিয়েছে।”
প্রত্যাশা হাতে তুলল,
-” হুম। তাই তো দেখছি। কী করব এবার?”
-” কী করবি আবার। রেখে দে। পরের প্রাইভেটের দিন এসে মেয়েটাকে খুঁজে ফেরত দিবি।”
-” টেডিটা মেয়েটার খুব প্রিয়। প্রিয় জিনিস না পেলে মন খারাপ করবে।”
-” তা ঠিক…. কিন্তু ফেরত দিবি কীভাবে?”
প্রত্যাশা কয়েক সেকেন্ড ভেবে বলল,
-” মেয়েটার সাথে থাকা মনা নাকি ফনা…কথা বলার সময় কী বলল, শুনলি না? গলির মোড়ে খান ম্যানশন নাকি ওদের। চল ফট করে দিয়ে আসি। ওদিক দিয়েই স্যারের বাসায় যাব।”
হ্যাপি ঠোঁট উল্টে বলল,

-” চল…তোর তো আবার দয়ার শরীর। দেখিস উপকার করতে গিয়ে আবার বাঁশ না খেতে হয়।”
প্রত্যাশা মোটামোটা চোখে তাকাল,
-” এখানে বাঁশ খাওয়ার প্রশ্নই আসে না। বরং একটা বাচ্চা মেয়ে খুশি হবে। আমার তো ছোটখাটো কিছু হারিয়ে গেলেও, না পাওয়া অবধি কিছুই ভালো লাগে না।”
-” দেরি হলে স্যার বকবে। সেটাও তো এক প্রকার বাঁশ।”
দুজনে পার্কের গেট দিয়ে বেরোচ্ছিল। হঠাৎ ছেঁড়া, ময়লা মাখা গেঞ্জি গায়ে একটা বাচ্চা ছেলে ডাকলো,
-” আপা ফুল নিবেন ফুল।”
প্রত্যাশা বলল,
-” নাহ।”
হাতে কয়েকটা ফুল। তাও শুকিয়ে গিয়েছে। না করার সাথে সাথে ছেলেটির মুখ ম্লান হয়ে আসলো। প্রত্যাশা পা চালিয়েও ফিরে এল। মায়া হলো। ব্যাগ খুঁজে দুইশো টাকার একটা নোট পেল। বাকি টাকা রিকশা ভাড়ার জন্যে রেখে দিল। ছেলেটির দিকে বাড়িয়ে বলল,

-” এটা রাখো। ফুল লাগবে না।”
ছেলেটার মুখ চকচক করে উঠল। ছেলেটা আবার বলে এক প্রকার জোর করেই দু’জনকে দু’টো লাল গোলাপ দিল। হ্যাপি বলল,
-” ফুল তোর ভালো লাগে না?”
-” হ্যাঁ লাগে তো।”
-” তাহলে টাকা দিলি, তবুও নিতে চাইলি না যে।”
-” মনে করলাম, আমার থেকে লাল গোলাপগুলো প্রেমিক প্রেমিকাদের বেশি দরকার হতে পারে। আমি কাকে দিবো ভাই? ফুলের অভাবে কতজন প্রপোজ করতে পারছে না। তাদের কথা ভেবে রেখে দিচ্ছিলাম।”
প্রত্যাশা মজা করে বলল। হ্যাপি বলল,
-” কেনো তোর বরকে দিবি।”
-” ধূর! বরের সাথে দেখা হতে হতে ফুল শুকিয়ে নাই হয়ে যাবে।”

-” শুকনো ফুল দিয়ে প্রপোজ করার আলাদা ব্যাপার। বলবি; ফুলটা হয়তো শুকিয়ে গেছে, কিন্তু ভালোবাসা শুকায় না। ভালোবাসা সময়ের সাথে প্রগাঢ় হয়। এই শুকনো ফুলটা প্রমাণ; ভালোবাসা শুধু রঙে গন্ধে নয়, টিকে থাকার নামও। শুকিয়ে গেলেও, ফুরিয়ে গেলেও থাকব তোমার পাশে। শ্বাসের সাথে মিশে।”
হ্যাপির বাহুতে চাপড় মে”রে হেসে বলল প্রত্যাশা,
-” বাহ! ভালোই তো কবি কবি ভাব তোর।”
মোড়ের উপরের একটা দোকান থেকে খান ম্যানশন কোন পাশে জিজ্ঞেস করে নেয় ওরা। অল্প একটু যেতেই বাড়ির তরণে নামফলক দেখে বেগ পোহাতে হয় না। সমস্যা বাঁধল, গেট খোলা দারোয়ান, বা গার্ড কেউ নেই। ওদিকে প্রাইভেটের সময় হওয়ায় দেরি না করে ভেতরে ঢোকে। কলিং বেল চাপল। কাজের মেয়ে এসে দরজা খুলে দিল। প্রত্যাশা বলল,
-” এখানে ইচ্ছে বলে একটা বাচ্চা মেয়ে থাকে?”
মেয়েটা মাথা নাড়িয়ে বলল,
-” হ..”
-” এই টেডিটা ওকে দিয়ে দিয়েন। পার্কে ফেলে আসছিল।”
টেডিটা হাতে নেয় মেয়েটা। এমন সময় তানিয়ার গলার স্বর আসলো,
-” কে এসেছে রে। কার সঙ্গে কথা বলছিস।”
মেয়েটা ঝটপট বলল। তানিয়া ভেতরে আসতে বলল। ওরা ইতস্তত করতে থাকে। এরমধ্যে ওপাশ থেকে ইচ্ছে দৌড়ে এল। দরজার সামনে প্রত্যাশাকে দেখে চেঁচিয়ে উঠল।‌ বুয়ার হাত থেকে টেডি নিয়ে প্রত্যাশার হাত ধরে টেনে ভেতরে নিল। বয়স্ক মানুষ ডাকছিলো বিধায় ওরা ভেতরে আসল। তানিয়া ধন্যবাদ দেয়। বসতে বলে। তবে ওরা ভদ্রভাবে না করে। প্রাইভেট আছে বলে চলে যেতে নেয়। তানিয়া চশমা ছাড়া ঝাপসা দেখে। মেয়ে দু’টোকে দেখলেও ধরতে ব্যর্থ হয়, একদিন ছবিতে এই মেয়েটাকে দেখেছিলেন। প্রত্যাশা হাসিমুখে বলল,
-” আন্টি আমরা আসছি।”
এই বলে ঘাড় ঘুরাতে গিয়ে ড্রয়িংরুমের একপাশে থাকা ফ্রেমে দৃষ্টি আটকায় প্রত্যাশার। বেশ কিছু ছবির মাঝে একটা ছবিতেই ওর নজর আঁটকে গেল। মুখের হাসি মিলিয়ে যায়। ও ত্রস্ত ঘুরে দাঁড়াল। ছবির দিকে আঙুল তাক করে কাঁপা কাঁপা স্বরে জিজ্ঞাসা করল,

মধ্য রাতের চাঁদ পর্ব ১৮

-” ও-ওই ছবিটা কার?”
হঠাৎ প্রত্যাশার এমন প্রশ্নে তানিয়া অবাক হলো। তবুও বলল,
-” আমার মেয়ে প্রীতি আর মেয়ের জামাই এর।”
ইচ্ছে ঝুমঝুম করে বলল,
-” আমার মাম্মা আর পাপা।”
প্রত্যাশার পুরো পৃথিবী দুলে উঠল। হাতের ফুলটা খসে মাটিতে পড়ল। শরীরটা যেন ঝাঁকুনি দিয়ে উঠল।

মধ্য রাতের চাঁদ পর্ব ২০